প্রাইম ভিশন ডেস্ক
জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামীর ঘোষিত লংমার্চ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জ্বালানি সংকটের মধ্যেই প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। এখানেই শেষ নয়, জামায়াতের কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢুকে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
রাশেদ খাঁন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এ কথা বলেন। তার অভিমত, সরকারের বয়স ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়তে না পড়তেই জামায়াত ‘ক্ষমতার জন্য মরিয়া’ হয়ে উঠেছে। তার মতে, দলটি ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে ‘অস্থিরতা ও অশান্তি সৃষ্টি’ করার সক্ষমতা রাখে।
রাশেদের ভাষায়, ‘জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত! মাত্র ৬ মাস অতিক্রম করে ৭ মাসে পড়েছে সরকারের বয়স! এরমধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র বিরোধী (এনসিপির ভাষায়) এই দলটি। তারা কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারবে। কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামীলীগ।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগ প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্য বিশ্লেষণ করে তিনি দাবি করেন, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে দুই দল একত্রে মাঠে নামতে পারে বলে তার ধারণা।
তার কথা, ‘যদিও জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে, আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামীলীগ- জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামবে। আর আওয়ামীলীগের নামার পথ তৈরি করে দিতেই এই লং মার্চের ঘোষণা।’
রাশেদ খাঁনের ভাষ্যমতে, ‘৭১ এর গণহত্যাকারী দল ও ২৪ এর গণহত্যাকারী দল’ ক্ষমতার স্বার্থে একজোট হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, জাতীয় সংকট তাদের কাছে মুখ্য বিষয় নয়, বরং শুধু ক্ষমতাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, জামায়াতের লং মার্চে আওয়ামীলীগ ঢুকলে তাদের কোন আপত্তি নাই। অর্থাৎ ৭১ এর গণহত্যাকারী দল ও ২৪ এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে! তাদের কাছে জ্বালানি সংকটের মত জাতীয় সংকট মূখ্য বিষয় নয়, তারা বোঝে শুধু ক্ষমতা! আর এজন্য জাতীয় সংকটকে পূঁজি করে জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে! ক্ষমতা না জনতা!’


