প্রাইম ভিশন ডেস্ক
হাটহাজারী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরগুলোর আসবাবপত্রসহ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকার মোবারক আলী তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রতিভা রানী নাথের ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের বসতঘর এবং মালিকের একটি স্টোর রুমসহ মোট ছয়টি ঘর পুড়ে যায়।
হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে কয়েকটি বসতঘর আগুনের কবলে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে।


