প্রাইম ভিশন ডেস্ক »
চার বছরের পরিচয়, প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। নিজের জীবদ্দশায় রিয়ার সঙ্গে প্রেম সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি সুশান্ত। তবে মিডিয়ায় বারবার তাদের প্রেমের গল্প উঠে এসেছে অভিনেতার মৃত্যুর বছরখানেক আগে থেকেই।
সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল পুরো ভারতীয় উপমহাদেশকে। সুশান্তের মৃত্যু আজও একটা রহস্য। ২ বছর আগে আজকের দিনে বান্দ্রার কার্টার রোডের ওই আবাসনে ঠিক কী ঘটেছিল? সেই রহস্য নিয়ে আজও চুপ সিবিআই। তদন্ত চলছে।
তবে সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া, মাদককাণ্ডে গ্রেফতার হয়ে জেলও খেটেছেন তিনি। এরপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী।
এখনও বলিউডে নতুন কাজের অফার মেলেনি রিয়ার। তবে ফারহান-শিবানির বিয়ে হোক বা পাবলিক অ্যাপিয়ারেন্স, রিয়া ধরা দিয়েছেন স্বমহিমায়। কিন্তু সুশান্ত তার জীবনের অতীত পর্ব এমনটা নয়। সুশান্তের মৃত্যুবার্ষিকীতে প্রেমিককে স্মরণ করলেন রিয়া চক্রবর্তী। লিখলেন, ‘তোমাকে প্রতিদিন মিস করি’।
সুশান্তের সঙ্গে কাটানো রোম্যান্টিক সব মুহূর্তের ছবি এদিন উঠে এল রিয়ার ইনস্টাগ্রামের দেওয়ালে। কোথাও রিয়ার কোলে ঠেস দিয়ে বসে আছেন সুশান্ত, কোথাও আবার প্রেমিকের গালে চুমু খাচ্ছেন রিয়া।
পোস্টার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল সুশান্তের প্রেমিকার এই পোস্ট। কমেন্ট বক্সে উপচে পড়ছে রিয়ার জন্য ভালোবাসা।


