প্রাইম ভিশন ডেস্ক »
সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এখন থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা দেবে সরকার। সেই সঙ্গে দুর্ঘটনায় আহত হয়ে অঙ্গ হারানোদের তিন লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে পাবেন ৩ লাখ টাকা।
আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ উপলক্ষে ওইদিন বাণিজ্যমেলার পুরাতন মাঠ সুধী সমাবেশ করা হবে। পাশাপাশি ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।
সেতুমন্ত্রী জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন উপলক্ষে ওইদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও চলমান বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধনের তারিখ জানিয়ে তিনি বলেন, আগামী ২২ অক্টোবর তেজগাঁওয়ের নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। এর সঙ্গে উদ্বোধন করা হবে যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টারের (ভিওসি)। সড়ক ভবনে থেকে ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করা হবে।
আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নদার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ করা হবে। পাশাপাশি আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান ওইদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এ উপলক্ষে ওইদিন বাণিজ্যমেলার পুরাতন মাঠ সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
Obaidul Quadir
সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন সেতুমন্ত্রী। সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।
আরও পড়ুন
মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন ২০ অক্টোবর
বাংলাদেশের ওপর বিদেশিদের পর্যবেক্ষণ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে, সেসব দাবির নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


