Saturday, June 27, 2026
spot_img
Homeসংবাদনির্বাচন অনিয়ম ও পেশিশক্তিমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে : সিইসি

নির্বাচন অনিয়ম ও পেশিশক্তিমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে : সিইসি

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসন এ বৈঠকের আয়োজন করে।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমাদের তরফ থেকে বলেছি যেকোনো মূল্যে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটাররা যেন উদ্বুদ্ধ হয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের এই বার্তাটা কঠোরভাবে দেওয়া হয়েছে।’

সিইসি বলেন, ‘আমরা কেউ ভোটকেন্দ্রের ভেতরে থাকব না। ভেতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিময়, কারচুপি, দখলদারিত্ব, কোনো রকমের পেশিশক্তির প্রয়োগ না হয়, সেই বিষয়ে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার প্রমুখ।

বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও আনসার বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়