Homeসংবাদইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল ১২ দিন ধরে চলা সংঘর্ষের অবসানে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, উভয় দেশ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সামরিক অভিযান সীমিত করে আনবে এবং এরপর একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রাম্প লিখেছেন, ‘সবকিছু পরিকল্পনামতো চললে—যেটা হবে জানি—আমি ইরান ও ইসরায়েলকে অভিনন্দন জানাতে চাই সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য। এ যুদ্ধের নাম হতে পারে “দ্য টুয়েলভ ডে ওয়ার” [১২ দিনের যুদ্ধ]।’

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এই শর্তে যে, ইরান আর কোনো হামলা চালাবে না। ট্রাম্প নিজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে এই সমঝোতা নিশ্চিত করেন।

এদিকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির মধ্যস্থতায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছায় তেহরান।

তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা তেহরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যদি ইসরায়েল তার ‘অবৈধ আগ্রাসন’ এখনই বন্ধ করে, তাহলে ইরান আর পালটা জবাব দেয়ার কোনো ইচ্ছা রাখে না।

আরাগচি এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইসরায়েল যদি হামলা বন্ধ না করে, তাহলে ইরানের পাল্টা আক্রমণ চলতেই থাকবে।

তিনি বলেন, ‘ইসরায়েলই যুদ্ধ শুরু করেছে, আমরা নয়। এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, তবে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে আমরা আমাদের প্রতিক্রিয়া থামাব।’

তিনি আরও জানান, সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

সংঘাত শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত দুই দেশের মধ্যে একাধিক বিমান হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পাল্টা প্রতিক্রিয়া দেখা গেছে।

এছাড়া ইসরায়েলের তিনজন শীর্ষ কর্মকর্তা এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, তারা শিগগিরই ইরানে চলমান অভিযান শেষ করতে চায় এবং সে বার্তাও যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে মন্ত্রীদের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির চ্যানেল টুয়েলভ টেলিভিশন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়