প্রাইম ভিশন ডেস্ক »
বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লিটন দাসকে। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হয়ে ভারত গেছেন নাজমুল হোসেন শান্ত। লিটনকে সহঅধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য, তাকে চাপ মুক্ত করা। এমনটাই বললেন অধিনায়ক সাকিব।
বিশ্বকাপের খেলতে ভারতে উড়াল দেওয়ার আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানেই লিটনকে সহঅধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বলেন, ‘আমি মনে করি, এটা ওকে সাহায্য করবে। ওর ব্যাটিংয়ে আরও মনযোগ দিতে সাহায্য করবে। এই মুহূর্তে ওর ব্যাটিংয়ের চেয়ে আর কিছু গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে।’
সাকিবের বিশ্বাস, ‘ও (লিটন) যদি ওর ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ টিভিতে ওকে দেখতে আরও বেশি পছন্দ করবে। যেভাবে ও পারফর্ম করবে, আমি নিশ্চিত, পুরো বিশ্বই হয়তো ওর দিকে তাকিয়ে থাকবে।’


