প্রাইম ভিশন ডেস্ক »
প্রথমবারের মতো ভারতের বাইরে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৪ সালের আসরকে সামনে রেখে দুবাইয়ে চলছে এবারের নিলাম প্রক্রিয়া। মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে এবারের নিলামের জন্য। তবে মোট খেলোয়াড় কেনাবেচা হবে ৭৭ জনের স্লটে।
এই তালিকায় বিদেশীদের জন্য খালি থাকছে ৩০ জনের স্লট। কাগুজে নামে মিনি নিলাম হলেও দুবাইয়ের এই নিলাম থেকেই তৈরি হলো ইতিহাস। আইপিএলের ইতিহাসে এতদিন সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় ছিলেন ইংল্যান্ডের স্যাম কুরান। ২০২৩ সালে সাড়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস।
তবে সেটাকেও এদিন ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বোচ্চ দুই কোটির বেইজ প্রাইসে রাখা হয়েছিল তাকে। শুরু থেকেই দাম চড়তে থাকে এই অজি ক্রিকেটারের। লড়াই জমে উঠে তাকে পাওয়ার জন্য।
বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে পেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে চলতে থাকে তুমুল লড়াই। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় স্যাম কুরানকেও ছাড়িয়ে যায় তাকে পাওয়ার লড়াই।
শেষ পর্যন্ত ইতিহাস গড়া দামে হায়দরাবাদে যান কামিন্স। তার দাম উঠেছিল ২০ কোটি ৫০ লাখ রুপি। এর আগে অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম উঠেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্র গিয়েছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ে। তবে দুবাইয়ে এদিন মূল লড়াই জমে উঠে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের জন্য। যেখানে শেষ হাসি হেসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।


