সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলাজার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

প্রাইম ভিশন ডেস্ক »

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিনার এক ম্যাচকেও।

হিউস্টনে গত রাতে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ফুটবলাররা পুরোদস্তুর গোলমেশিন হয়ে ওঠেন। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। তাতে করে ফিরল তিন বছর আগের এক ম্যাচের স্মৃতিও। ২০২৩ সালের ২৮ মার্চ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দলটির বিপক্ষে ৭ গোল করেছিল আর্জেন্টিনা। এই নিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে দুইবার ৭ গোল হজম করল কুরাসাও।

জার্মানরা যে গতিতে গত রাতে খেলেছে, তাতে করে কুরাসাওয়ের ফুটবলারদের বল পায়ে রাখাই কঠিন হয়ে পড়ে। ছয় ফুটবলার করেছেন ৭ গোল। যার মধ্যে কাই হ্যাভার্টজ করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ফেলিক্স এনমেচা, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উন্দাভ। ৬ মিনিটে এনমেচার গোলেই শুরু গোলবন্যা। তবে সমতায় ফিরতে কুরাসাওয়ের লেগেছে ১৫ মিনিট। ২১ মিনিটে জার্মান রক্ষণদুর্গ ভেদ করে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন লিভানো কোমেনেনসিয়া।

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাসকোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস
কুরাসাও শুধু গত রাতে সমতায় ফিরতে পেরেছিল। জার্মান কোচ জুলিয়ান নাগলসমান এমনভাবে খেলিয়েছেন, যাতে করে এক ফুটবলার মিস করলে ব্যাকআপে যেন আরেক ফুটবলার থাকেন। ৮৮ মিনিটে হ্যাভার্টজ নিজের দ্বিতীয় গোল করে কুরাসাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। ৭-১ গোলে জিতে ব্রাজিলের সেই ‘সেভেন আপে’র ঘটনা মনে করিয়ে দিয়েছে জার্মানরা। ২০১৪ ফুটবল বিশ্বকাপে বেলো হরিজেন্তের সেমিফাইনালে ব্রাজিলকেই ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি।

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানিব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি
কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলের একটি রেকর্ডও ভেঙে দিয়েছে জার্মানি। ২৩৯ গোল করে ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন জার্মানির। দুইয়ে থাকা ব্রাজিল করেছে ২৩৮ গোল। আর্জেন্টিনা এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে করেছে ১৫২ গোল। তারা এই তালিকায় তিনে অবস্থান করছে।

২০২৩ সালে কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি হ্যাটট্রিক করেছিলেন। একটি করে গোল করেছিলেন আনহেল দি মারিয়া, এনসো ফার্নান্দেস, গনসালো মন্তিয়েল ও নিকোলাস গনসালেস। দি মারিয়া এরপর ২০২৪ কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর্জেন্টিনা এবার নামবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে। পরশু কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আলবিসেলেস্তেরা। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়