প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রপাতে ৩ জনের প্রাণহানি ও ২ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নে চোল্লা পাড়ায় এবং দুপুর ১টার দিকে পেকুয়ার মগনামা ইউপির শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন- পেকুয়ার রমজান আলী (৪৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। কুতুবদিয়ায় জেলে ইমতিয়াজ হোসেন (২৫) ও মো. করিম (৩৫)। তারা উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের বাসিন্দা।
বাঁশখালী
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার ভোরে সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত দিনার আলী বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ির মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর ছোট ছেলে।
মিরসরাই
মিরসরাইয়ে ঝর্ণার কূপে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার নাপিত্তাছড়া ঝর্ণায় এ ঘটনা ঘটে। ঝর্ণার কূপ থেকে মিরসরাই থানা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তার বয়স অনুমানিক ২৩ বছর।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঝর্ণার কূপ থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি
ফটিকছড়িতে বৃষ্টির সময় গাছের ঢাল ভেঙে পড়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী কাইসুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল গনি সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে রিংকু ভারতী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাড়বাকুণ্ড এলাকার অনন্তপুর গ্রামের বজ্রলাল ভারতীর কন্যা। তার স্বামীর নাম রোকন চক্রবর্তী। বাঁশখালী উপজেলায় তার স্বামীর বাড়ি। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিংকু স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বাড়বাকুণ্ডে বেড়াতে আসেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হেঁটে পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন । স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


