Homeচট্টগ্রামঅক্সিজেনে হচ্ছে সাত র‍্যাম্পের ফ্লাইওভার

অক্সিজেনে হচ্ছে সাত র‍্যাম্পের ফ্লাইওভার

প্রাইম ভিশন ডেস্ক »

উত্তর চট্টগ্রাম থেকে নগরীতে প্রবেশের মুখে যানজট নিরসনে সাত মুখের একটি ফ্লাইওভার ও সড়ক সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরীর অক্সিজেন মোড় এলাকায় এই ফ্লাইওভার নির্মাণ করা হবে। ফ্লাইওভারটিতে ওঠা-নামার জন্য থাকবে সাতটি পথ। এ ছাড়া, ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি একই প্রকল্পে বায়েজিদ থেকে কুয়াইশ পর্যন্ত সড়ক সম্প্রসারণ করে চার লেনে উন্নীত করা হবে।

ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। প্রকল্পটি নির্মাণে প্রস্তাবিত নকশার বিষয়ে সড়ক ও জনপথ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত নেওয়া হবে। এ বিষয়ে সংস্থাগুলোকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সিডিএর প্রধান প্রকৌশলী।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় সিডিএ জংশনে ফ্লাইওভার নির্মাণসহ ‘অক্সিজেন হতে কুয়াইশ সংযোগ সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য একটি সভা অনুষ্ঠিত হবে। সিডিএ চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রকল্পের ডিপিপি প্রণয়নের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট লিমিটেড (ডিএমপি) কর্তৃক অক্সিজেন জংশনে প্রস্তাবিত ফ্লাইওভারের প্রণীত নকশার বিষয়ে মতামত গ্রহণ করা হবে।

জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর অক্সিজেন মোড় এলাকার যানজট কমাতে সেখানে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে চার লেন করা হবে। জনগুরুত্বের কথা বিবেচনা করে এই প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলমান রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়