প্রাইম ভিশন ডেস্ক »
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্লট হস্তান্তরের আগে বিনিয়োগকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদা যাচাই করছে ইনভেস্ট বাংলাদেশ
সংস্থাটি সম্ভাব্য কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদার প্রাক্কলন সংগ্রহ করছে। কারখানা নির্মাণের সময়ের মধ্যেই প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে তাদের।
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে শিল্পকারখানার উৎপাদন যাতে বিলম্বিত না হয়, সে লক্ষ্যে জমি হস্তান্তরের আগেই বিনিয়োগকারীদের এসব পরিষেবার চাহিদা যাচাই করছে ইনভেস্ট বাংলাদেশ।
সংস্থাটি সম্ভাব্য কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদার প্রাক্কলন সংগ্রহ করছে। কারখানা নির্মাণের সময়ের মধ্যেই প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে তাদের।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, কারখানাগুলো উৎপাদন শুরুর জন্য প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে যাতে প্রয়োজনীয় পরিষেবা সংযোগ পায়, তা নিশ্চিত করতে জমি বরাদ্দ পাওয়া সব বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, “যেসব বিনিয়োগকারীর কাছে আমরা জমি হস্তান্তর করছি, তাদের সবার কাছ থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদার প্রাক্কলন সংগ্রহ করছি।”
আশিক চৌধুরী বলেন, কারখানা নির্মাণে সময় লাগে। এ সময়ের মধ্যেই প্রয়োজনীয় পরিষেবা অবকাঠামো প্রস্তুত করার সুযোগ রয়েছে। ফলে নির্মাণকাজ শেষ হওয়ার পর গ্যাস, বিদ্যুৎ বা পানির সংকটে উৎপাদন শুরুতে বিলম্ব এড়ানো সম্ভব হবে।
এ উদ্যোগের মধ্যেই সম্প্রতি পাঁচটি কোম্পানি অর্থনৈতিক অঞ্চলটিতে মোট ৩৯ দশমিক ৫ একর জমি বরাদ্দ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো সেখানে ১০ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পে ৬ হাজার ৭১৪ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
গত ১৮ অক্টোবর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে র্যানকন লুব্রিক্যান্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তরের সনদ দেওয়া হয়।
এর মধ্যে স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ২০ একর জমিতে ৫ কোটি ২৮ লাখ ডলার বিনিয়োগ করবে।
হামকো করপোরেশনকে ৩ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ডলার বিনিয়োগের জন্য ১০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে র্যানকন লুব্রিক্যান্টস সাড়ে ৬ একর জমিতে ১ কোটি ৯৫ লাখ ডলার বিনিয়োগ করবে। এ ছাড়া অপটিমাপ্লাস্ট ৩৯ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়ে তিন একর জমি বরাদ্দ পেয়েছে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬টি শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলছে।
এ অর্থনৈতিক অঞ্চলে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া বেপজা অর্থনৈতিক অঞ্চলে কর্মরত প্রায় আট হাজার শ্রমিকসহ বৃহত্তর শিল্পাঞ্চলটিতে মোট কর্মসংস্থান হয়েছে প্রায় ১৬ হাজার মানুষের।
সর্বশেষ হিসাবে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৫ কোটি টাকা। আর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ১৪ কোটি ৭০ লাখ ডলার। অর্থনৈতিক অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার একর জমি উন্নয়ন করা হয়েছে।


