প্রাইম ভিশন ডেস্ক »
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে জানাজাটি অনুষ্ঠিত হয়, যেখানে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজার আগে আইনজীবী নেতারা বক্তব্য রাখেন এবং সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রথম জানাজার পর, সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান।
এদিকে, সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


