প্রাইম ভিশন ডেস্ক »
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০ জনকে।
রোববার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আবদুল হান্নান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকার নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লার শিক্ষার্থীরা। এসময় বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে তাদের অনুসারীরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে কুমিল্লা সিটির ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুরের শাহিন মিয়ার ছেলে মাসুম মিয়াসহ (২০) আরো অনেকেই গুলিবিদ্ধ হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে না পারায় পরে মাসুমের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরে মামলার বাদী ও নিহতের আত্মীয়স্বজন সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি দেখে শনাক্ত করেন মাসুমকে।
মামলার বাদী নিহত মাসুমের নিকটাত্মীয় বলে জানা গেছে। তিনি নগরীর দিশাবন্দ এলাকার বাসিন্দা।


