Homeএই মুহুর্তেগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রাইম ভিশন ডেস্ক »

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রবিবার লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পুলিশের ব্যারিকেড ভেঙে সকাল থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। ভাঙচুর করা হয় একটি সুপারশপের কাচ। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।

বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করেন তারা। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টানানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ রাখা হয়েছিল।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানার লাগনে হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

দুপুর ১টার দিকে মিছিলকারীরা শহর ছাড়তে শুরু করেন। বেলা দেড়টার দিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। খুলতে শুরু করে কিছু দোকানপাট। রিকশা ও ভ্যান চলাচলও শুরু হয়।

সেদিন বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। আজ সোমবার ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর জানাল বাহিনীটি।

বিজিবির বার্তায় বলা হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চসংখ্যকের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগ সমর্থকদের মহড়া এবং ভাঙচুরের পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবর্তন করেছে সরকার। গোপালগঞ্জের জেনা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে বদলি করে ঢাকায় আনা হয়েছে। এই উপসচিবকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অর্থাৎ তার নতুন পদায়ন হয়নি। হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলায়। জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে তাদের দুজনের বদলির প্রজ্ঞাপন হয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) পরিবর্তনের প্রজ্ঞাপন হয়। গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে পাঠানো হয়েছে ফেনীতে। ফেনীর এসপি প্রতুষে কুমার মজুমদারকে গোপালগঞ্জে পাঠানো হয়েছে। এ ছাড়া জেলার তিন থানার ওসিকে বদলি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়