প্রাইম ভিশন ডেস্ক »
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করতে গিয়ে তৃতীয় পক্ষের (দালাল) সহায়তা না নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
আজ সোমবার সকালে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেওয়া হয়েছে এ পরামর্শ।
দেশটির ভিসার আবেদন থেকে শুরু করে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পর্যন্ত প্রতিটি প্রক্রিয়ায় নিজেই দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে ওই পোস্টে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।
‘তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন’, যোগ করা হয়েছে ওই পোস্টে।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সাধারণত অনলাইনে ডিএস-১৬০ ফরম পূরণ করতে হয়। এতে ব্যক্তিগত পরিচয়, পেশা, ভ্রমণের উদ্দেশ্য, সম্ভাব্য যাত্রার সময় এবং আগের ভ্রমণের তথ্য জানতে চাওয়া হয়।
এসব তথ্য যথাযথভাবে পূরণ করা জরুরি। ফরম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেশটির।
ডিএস-১৬০ ফরম জমা দেওয়ার পর আবেদনকারীকে ভিসা সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এ ক্ষেত্রে দূতাবাস আবেদনকারীর হয়ে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করে দেয় না। আবেদনকারীকে নিজ উদ্যোগেই নির্ধারিত পদ্ধতিতে এ কাজ সম্পন্ন করতে হয়।
ভিসার আবেদন করতে গিয়ে অনেকেই প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় মধ্যস্থতাকারী বা দালালের শরণাপন্ন হন। কেউ কেউ দ্রুত সাক্ষাৎকারের তারিখ পাওয়া কিংবা ভিসা নিশ্চিত করে দেওয়ার আশ্বাসে অতিরিক্ত অর্থও খরচ করেন।
তবে ভিসা পাওয়ার নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা কোনো বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেই বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা।
আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্যসহ বিভিন্ন বিষয় এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।


