প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আজ সকাল ৯টা ৩০ মিনিটে সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার পুলিশ লাইন্সের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থানসমূহ সংস্কার করে ব্যবহার উপযোগী করার পাশাপাশি সেখানে শাকসবজি ও ফলমূল চাষের উদ্যোগ গ্রহণে পুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করেন। এতে অব্যবহৃত জমির সদ্ব্যবহার, পুষ্টির চাহিদা পূরণ ও স্বনির্ভরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিটি থানায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও উপকরণ সরবরাহের নির্দেশনা প্রদান করেন।
সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ করে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, উন্নত কর্মপরিবেশ, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা একটি দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের অন্যতম পূর্বশর্ত।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসারবৃন্দ, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন), ডিআইও-১, আরআই, থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


