বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের আলোচনা সভায় ভারতীয় সরহকারী কমিশনার
প্রাইম ভিশন ডেস্ক »
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তরুণদের ভূমিকা রাখার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন চট্টগ্রাম অ্যালামনাই এর ইফতার ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের সম্পর্ক সমস্যা, সম্ভাবনা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ওপর নির্ভরশীল। এসব সম্পর্ক উন্নয়নে আমরা উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছি। দুদশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ চূড়ায় রয়েছে। আশা করি সামনের দিনে এটি আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সদস্য এবং তরুণদের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ও ভারত শুধু ভৌগোলিক সীমান্তেই আবদ্ধ নয়, বায়ান্ন বছর ধরে দুই দেশের শিল্প, সাহিত্য, যোগাযোগ ব্যবস্থাসহ নানাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা লক্ষ্যনীয়। ভারত বাংলাদেশের পুরনো বন্ধু।
ভারতীয় সহকারী হাইকমিশনার, বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন সদস্যদের জন্য বিওয়াইডি কর্ণার, গেটটুগেদার এবং বিওয়াইডি পরিবারের সদস্যদের জন্য ভিসা সহজীকরণের ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিহাব জিসান অনিক। বিওয়াইডি সদস্য মো.মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ২০১৩ ব্যাচের সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক আজহার মাহমুদ, বিওয়াইডি-২০১২ ব্যাচের সদস্য সাংবাদিক ফেরদৌস লিপি, শামীমা শীলা, নওরীন মুনীর প্রমা, সাজু রায় রাহুল, নাঈমুল ইসলাম, বিপ্লব পার্থ, সৈয়দ মো: নুরাঈন প্রমুখ।


