Homeএই মুহুর্তেরাউজানে নববধূর রহস্যজনক মৃত্যু

রাউজানে নববধূর রহস্যজনক মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র চার মাস চার দিনের মাথায় রিমা দে নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড হতে পারে।

নিহত রিমা দে ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার বাসিন্দা খোকন দে ও প্রভা রাণী দের মেয়ে। চার মাস চার দিন আগে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দের (২৬) সঙ্গে তার বিয়ে হয়েছিল।

নিহতের মা প্রভা রাণী দে জানান, শনিবার বিকেল ৩টার দিকে তাদের ফোন করে জানানো হয়, রিমা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চৌধুরীহাট হাসপাতাল এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও মেয়ের সন্ধান পাননি।

একপর্যায়ে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা। সেখানে পৌঁছানোর পর তাদের জানানো হয়, রিমা আত্মহত্যা করেছেন। তবে মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে দাবি করেন প্রভা রাণী দে। এ কারণে তার মৃত্যুর ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে স্থানীয় রাজনীতিক ও সমাজসেবক শাহাদাত মির্জা জানান, এলাকায় হইচই শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। সুরতহাল প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া রিমার ঘরের আসবাবপত্রও ভাঙচুর অবস্থায় দেখতে পেয়েছেন বলে জানান তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে জানা যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়