প্রাইম ভিশন ডেস্ক »
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
গতকাল রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। বর্তমানে তাকে সিএমপির এসআরইউ কার্যালয়ে রাখা হয়েছে।
সিএমপি কমিশনার শওকত আলী বলেন, ‘গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা বর্তমানে আমাদের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। রাষ্ট্রদ্রোহের মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন গতকাল পেয়েছি। এরপর রাতেই সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ জানায়, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গতকাল রাতে মামলাটি দায়ের করা হয়। পরে পাঁচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
এর আগে অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর মঙ্গলবার জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। একই দিন তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্র জানায়, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জাহাংগীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো কয়েকটি বার্তার বিষয়টি এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি বার্তায় ডিসেম্বরে ব্যাপক জনসমাগমের মাধ্যমে আন্দোলন গড়ে ওঠার কথা বলা হয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার বাবার আন্দোলনে অংশ নেওয়ার প্রসঙ্গও ওই বার্তায় উল্লেখ রয়েছে। বার্তাটিতে বাংলাদেশকে উদ্ধারের আহ্বান জানানো হয়েছে। একই ধরনের আরও কয়েকটি বার্তার উল্লেখ রয়েছে এজাহারে।
তবে বার্তাগুলো কাদের কাছে পাঠানো হয়েছিল, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এজাহারের পূর্ণাঙ্গ বিবরণও যাচাই করা সম্ভব হয়নি।
মামলাটির তদন্ত করবে সিএমপির বিশেষায়িত ইউনিট এসআরইউ। জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।


