প্রাইম ভিশন ডেস্ক »
অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি আলবিসেলেস্তেদের সঙ্গে চুক্তি করছেন। সব ঠিকঠাক থাকলে প্রথম কোনো আর্জেন্টাইন কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে দলটির ডাগআউট সামলাবেন স্কালোনি।
তার অধীনে ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে দীর্ঘ সাড়ে তিন দশকের আক্ষেপ ঘোচে লিওনেল মেসিদের। এরপর সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যদিও স্পেনের কাছে হেরে তাদের টানা দ্বিতীয় শিরোপা জেতা হয়নি। আগামী মাসেই (ডিসেম্বর) জাতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে স্কালোনির। এরপর শুরু হবে তার নতুন মেয়াদ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে নতুন চুক্তিতে যাওয়ার কথা নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা এবং আমার কোচিং স্টাফ ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি– কাজ চালিয়ে যাওয়াই হবে এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ। আমরা খুব দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছি।’
ইতোমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের নামটি লিখেছেন স্কালোনি। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপ এসেছে তার হাত ধরে। তবে সর্বশেষ বিশ্বকাপে হারের পর তিনি ডিসেম্বরের পর দায়িত্ব ছাড়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। পরে সেই অবস্থান বদলেছেন স্কালোনি। যদিও নিজের প্রধান অস্ত্র লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন।
বিশ্বকাপ শেষে নিজের জন্মস্থান আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতোয় গিয়েছিলেন স্কালোনি। সেখানে তিনি সমর্থকদের অভূতপূর্ব ভালোবাসা ও আবেগের মুখোমুখি হন। এমন হৃদ্যতাই চুক্তির মেয়াদ বাড়াতে ভূমিকা রেখেছে বলে জানালেন স্কালোনি, ‘আমি সবার ভালোবাসাপূর্ণ অভিব্যক্তির জন্য কৃতজ্ঞ। আমার দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে নিঃসন্দেহে বড় ভূমিকা ছিল সমর্থকদের। জাতীয় দলকে খেলতে দেখার সময় তারা যে আনন্দ পায়, আমি তাদের সেই আনন্দ দিয়ে যেতে চাই। আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’
২০১৮ সালে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে শুরু, সেই দায়িত্ব এখনও চালিয়ে যাচ্ছেন সাবেক এই আলবিসেলেস্তে ডিফেন্ডার। শুরুর দিনের মতোই এখনও নিজের উদ্দীপনা আছে বলে মনে করেন স্কালোনি, ‘প্রথম দিন আমার মধ্যে যে তাগিদ ছিল, আজও ঠিক সেই তাগিদ ও উদ্দীপনা আমার মধ্যে আছে। আর নিজের এই যাত্রা চালিয়ে যেতে পারায় আমি আনন্দিত।’
এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ‘আর্জেন্টাইন ফুটবলে এটি সর্বোত্তম প্রাপ্তি। এটি এমন একটি বিষয় যা সবাই চেয়েছিল, এমন কিছু যা আমরা সবাই চেয়েছি।’


