প্রাইম ভিশন ডেস্ক »
ঘূর্ণিঝড় সিত্রাং-এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে বন্দরের পণ্য ও জাহাজ রক্ষায় চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিজস্ব সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর সংকেত দেওয়ার পর বন্দর কর্তৃপক্ষ এই অ্যালার্ট-৩’ জারি করে।
সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর সংকেত দেওয়ার পর বন্দরে সবধরনের পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে। আউটারে থাকা লাইটার জাহাজগুলোকে কর্ণফুলীর শাহ আমানত সেতুর আশপাশে আনা হয়েছে।
আর বড় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. জাফর আলম বেলা ২ টা ১৫ মিনিটে জানিয়েছেন, আবহাওয়া অফিস থেকে ৬ নম্বর সংকেত জারির পর অ্যালার্ট-৩ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। জেটি থেকে পালাক্রমে জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমুহুর্তে জেঠি ফাঁকা। বহিনঙরে থাকা জাহাজগুলোকে নিরাপদ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্দর থেকে পণ্য বোঝাই কন্টেইনার ডেলিভারির কাজ চলছে বলেও তিনি জানান। ঘূর্ণিঝড়ের কারণে জেটিতে থাকা জাহাজে ব্যাপক আঘাত লাগে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে জাহাজ জেটি থেকে কিছুটা দূরে সাগরে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। ইতোমধ্যে মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।


