প্রাইম ভিশন ডেস্ক »
ডেনমার্ককে রুখে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো তিউনিশিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষেও দারুণ কিছুর আশায় ছিল আফ্রিকা অঞ্চলের দেশটি। ম্যাচে সেই দারুণ পারফরম্যান্সের দেখাও মিললো। বল দখলের লড়াই থেকে শুরু করে আক্রমণ সাজানো; সবখানেই দাপট দেখালো তিউনিশিয়া। কিন্তু কাজের কাজটিই করা হলো না, খুঁজে পাওয়া গেল না জালের ঠিকানা। শাসন হজম করেও জয় নিয়ে মাঠ ছাড়লো এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়া।
শনিবার কাতারের আল জানোব স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে প্রথমে গোল দিয়েও বড় ব্যবধানে হারা অজিরা ফিরলো লক্ষ্যের কক্ষপথে। দুই ম্যাচে এক জায় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে তারা। উড়ন্ত সূচনা করা ফ্রান্স শীর্ষে। এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ডেনমার্ক। ১ পয়েন্ট নিয়ে তলানির দল তিউনিশিয়া।
পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে তিউনিশিয়া, দ্বিতীয়ার্ধে গিয়ে আরও ধার বাড়ে তাদের খেলার। ম্যাচে ৫৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তিউনিশয়া। অবিরত আক্রমণে অস্ট্রেলিয়ার গোলমুখে ১৪টি শট নেয় তারা, এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ৪২ শতাংশ বল দখলে রাখা অস্ট্রেলিয়া গোলমুখে ৯টি শট নেয়, এর মধ্যে ২টি ছিল লক্ষ্যে।


