প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় রেলপথ মন্ত্রী এ ঘোষণা দেন।
নূরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রামের গণমানুষের দাবি সিআরবিতে হাসপাতাল না করার। সেই দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এখানে যাতে হাসপাতাল নির্মাণ না করি। এই হাসপাতাল অন্যত্র নির্মাণ করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম নগরের ‘ফুসফুস’ হিসেবে পরিচিতি ঐতিহ্যবাহী সিআরবিতে পিপিপি প্রকল্পের আওতায় ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ স্থাপনের জন্য ২০২০ সালের ১৮ মার্চ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।
গত বছরের জুলাই মাসে প্রকল্প এলাকার জমি হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়। টানা ১৫ মাসের বেশি সময় ধরে সেই আন্দোলন চলে।
সিআরবিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এই হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছিল ১২ বছর। প্রকল্পের আওতায় ৫০ আসনের একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণেরও প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবনা অনুসারে, এতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ ধরা হয়। ৫০ বছর পর প্রকল্পের মালিকানা রেলওয়ের হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।


