প্রাইম ভিশন ডেস্ক »
আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলনের পর এই সম্মেলন হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আজ সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নাছির বলেন, ‘থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করার জন্য নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওয়ার্ড ও থানা সম্মেলনের পরে এ সম্মেলন হবে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের আগে এই সম্মেলন হচ্ছে না।’
এর আগেও একাধিকবার এই সম্মেলন পিছিয়ে গেছে। গত ২৬ অক্টোবর সার্কিট হাউসে চট্টগ্রামের ১৫ থানার সাংগঠনিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় নির্ধারণ করা হয়। তবে প্রধানমন্ত্রীর জনসভার কারণে তা পিছিয়ে যায়।
এরপর ১৮ ডিসেম্বর সম্মেলন হবে বলে জানিয়েছিলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এবার সেটিও পিছিয়ে গেল।


