প্রাইম ভিশন ডেস্ক »
পুরো একমাস ধরে বিশ্ব বুদ হয়ে আছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে। রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল মহারণের। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের ফাইনালে প্রিয়দলকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকটাকি চত্বর থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলের সামনে খাসি রেখে পেছন থেকে আর্জেন্টাইন সমর্থকরা স্লোগান দেন ‘রাবিতে খাসি, কাপ পাবে মেসি’। এছাড়া আর্জেন্টিনা দলকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সমর্থকদের।
এদিকে, সামনে ছাগল রেখে মিছিল দেওয়ার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি নিয়ে অনেকে ট্রল শুরু করেছেন। আর্জেন্টিনাবিরোধীরা বলছেন, দল ফাইনালে যাওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা আবেগে ছাগলের নেতৃত্বে মিছিল করছে। যা কোনোভাবে কাম্য নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, আজকে মেসির জন্য শুভকামনা জানিয়ে এ মিছিল করা হয়েছে। গতকাল আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই খেলায় আমরা জয়ী হয়েছি। এজন্য আর্জেন্টিনা সমর্থকরা মিছিলে ‘কাপ নেবে মেসি, আমরা খাবো খাসি’ স্লোগান দিয়েছেন।’


