Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি থাকবেন না সাংবাদিকরা

ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি থাকবেন না সাংবাদিকরা

প্রাইম ভিশন ডেস্ক »

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের সংবাদ সংগ্রহে ইচ্ছুক গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্দেশনার মধ্যে বলা রয়েছে- সাংবাদিকরা ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না।

একইসঙ্গে এবার সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়ে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকরা।

গত ১৮ ডিসেম্বর রসিক সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে সাংবাদিকতা বিষয়ক নীতিমালা সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এ পরিপত্রটি রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনকে পাঠিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

এদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহে ১৩টি নির্দেশনার মধ্যে কয়েকটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর ‘সরাসরি হস্তক্ষেপ’ বলে মনে করছেন সাংবাদিক নেতারা। গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা আড়াল করে রাখার চেষ্টাকে সন্দেহের চোখে দেখছেন অনেক প্রার্থী। তাদের আশঙ্কা গণমাধ্যমের ওপর এমন হস্তক্ষেপের সুযোগ নিতে পারে অশুভশক্তি।

তবে নির্বাচন কমিশনের দাবি- অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ নির্বাচনে সাংবাদিকরা যাতে সহজে সংবাদ সংগ্রহ করতে পারেন, সেজন্য কিছু বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

রসিক নির্বাচনে সংবাদ সংগ্রহে ১৩ নির্দেশনা

১. ইসির পক্ষ থেকে দেওয়া বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন তবে কোনোভাবেই গোপনকক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না।

২. একইসঙ্গে একাধিক গণমাধ্যমের সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে অবস্থান করতে পারবেন না।

৩. ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না।

৪. ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

৫. সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে।

৬. সাংবাদিকরা ভোট গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

৭. ভোটকক্ষ থেকে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না।

৮. কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

৯. ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিসাইডিং অফিসারের আইনি নির্দেশ মেনে চলবেন।

১০. নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবেন না।

১১. কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।

১২. নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকবেন এবং

১৩. নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধি-বিধান মেনে চলবেন।

উল্লেখিত নির্দেশ পালন না করলে বা তার ব্যত্যয় ঘটালে নির্বাচনী আইন, বিধি ও কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

এদিকে সংবাদ সংগ্রহে ইসির এই নির্দেশনার কয়েকটি বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাংবাদিক নেতারা। কেউ কেউ এ ধরনের কড়াকড়ি নির্দেশনাকে ‘কালাকানুন’ হিসেবেও অবিহিত করেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়