প্রাইম ভিশন ডেস্ক »
মালয়েশিয়ার কেলাং সমুদ্রবন্দরে কনটেইনারের ভেতর থেকে ১৫ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, ইন্টিগ্ররা জাহাজটি কন্টেইনার ভর্তি করে ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করে ১৬ জানুয়ারি কেলাং বন্দরের সাগরে পৌঁছায়। জাহাজটি চট্টগ্রাম থেকে সরাসরি কেলাং বন্দরেই গেছে। জাহাজের সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেইনারের ভেতর লুকিয়ে ওই কিশোর কেলাং বন্দরে পৌঁছায়। তার চিৎকার শুনে জাহাজ ক্যাপন্টেনের বিষয়টি নজরে আসে। এরপর ১৭ জানুয়ারি জরুরি ভিত্তিতে জাহাজটি কেলাং বন্দরে ভিড়িয়ে কনটেইনারের ভেতর থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।
কন্টিনেন্টাল ট্রেডার্সের সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সাল আহমেদ জানান, চট্টগ্রাম থেকে খালি কন্টেইনারে করেই কিশোরটি কেলাং বন্দরে পৌঁছেছে। কিন্তু সেই খালি কনটেইনার ডিপো থেকে উঠল নাকি বাইরে থেকে আসল, আমরা এখনো জানি না। তবে তার নাম ও পরিচয় বিস্তারিত আমরা জানি না ।
তিনি বলেন, মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজ জেটিতে ভিড়িয়ে কনটেইনার খুলে কিশোরকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।


