Homeএই মুহুর্তেসীমান্তে ক্রিস্টাল মেথ আইসের ‘সবচেয়ে বড়’ চালান জব্দ

সীমান্তে ক্রিস্টাল মেথ আইসের ‘সবচেয়ে বড়’ চালান জব্দ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি দেশের ইতিহাসে উদ্ধার হওয়া ‘সবচেয়ে বড়’ চালান বলে দাবি বিজিবির।

আজ বুধবার দুপুরে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের পর দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্য ছিল।

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা বুজুরুজ মিয়া (৫১), ইউনিয়নটির একই এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৩) ও মো. আবু মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাত সাড়ে ১২টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে বুধবার ভোররাত সাড়ে ৪টায় মিয়ানমার দিক থেকে ৬/৭ জন লোক বস্তা কাঁধে পায়ে হেঁটে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকগুলো সঙ্গে থাকা দুটি ছোট বস্তা ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুটি খুলে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৬৩ কোটি টাকার বেশি, বলেন বিজিবির অধিনায়ক।

তিনি আরও বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইসগুলো দেশের ইতিহাসে সর্বোচ্চ চালান। মাদকের এই বড় চালানটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মজুদের উদ্দেশ্য ছিল পাচারকারিদের। পরে এই মাদকগুলো ছোট ছোট চালান আকারে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়