Homeমুল পাতাগ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের পিয়ন

গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের পিয়ন

প্রাইম ভিশন ডেস্ক »

গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা বলে শতাধিক গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে জনতা ব্যাংক সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার এক পিয়ন গাঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (৯ জুলাই) বিষয়টি টের পাওয়ার পর ভুক্তভোগী গ্রাহকেরা ম্যানেজারের অফিস ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রতারক পিয়ন রঞ্জু আকন্দ শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লার মৃত নুরুল আকন্দের ছেলে। তিনি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক, পোড়কোলা দাখিল মাদরাসার সভাপতি।

ভুক্তভোগী গ্রাহকরা জানায়, রঞ্জু আকন্দ দীর্ঘদিন যাবত জনতা ব্যাংকে পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে তাদের জমাকৃত টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল-স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহকদের দিতেন। আবার ওই সব গ্রাহকরা টাকা উত্তোলন করতে আসলে চেক নিয়ে নিজের কাছ থেকে টাকা দিয়ে দিতেন। এভাবে বেশ কয়েকজন প্রবাসীর লাখ লাখ টাকা ব্যাংকে জমা রাখার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে এ প্রক্রিয়ার প্রায় ৫ কোটি টাকা লোপাট করা হয়েছে।

জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন। তিনি ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে এমন অপকর্ম করায় আমরা বিষয়টি টের পাইনি।

জনতা ব্যাংকের সিরাজগঞ্জ এরিয়া অফিসের ডিজিএম জাহিদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ওই অস্থায়ী পিয়ন রঞ্জু গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করেছে। এ বিষয়ে থানায় অবহিত করা হয়েছে। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকে গ্রেফতারে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়