প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র।
সোমবার (১৭ জুলাই) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সময় হিরো আলমের ওপর হামলার বিষয়টি তুলে ধরে বলেন, আমি বলব, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।
তিনি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলেছি।
ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতার যেকোনো প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতায় যুক্ত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে।
এর আগে ঘটনার দিন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচন শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে যা ঘটল তা অনাকাঙ্ক্ষিত, আমি এর তীব্র নিন্দা জানাই।
আরাফাত বলেন, যারা মারামারি করল, তারা আর যাই হোক নৌকার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। এ সময় দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমকে বনানীতে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় মারধরের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে হাসপপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসা শেষে বাসায় ফেরেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের এই প্রার্থী।


