Wednesday, July 1, 2026
spot_img
Homeসংবাদরাজধানীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

রাজধানীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা বাঙলা কলেজের সামনে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রাটি সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করেন। এ সময় তারা সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এসে পৌঁছালে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিএনপির অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ ঘটনার পরও বিএনপির পদযাত্রা থামেনি। সংঘর্ষ উপেক্ষা করে পদযাত্রাটি সামনে এগিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়