প্রাইম ভিশন ডেস্ক »
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি বৃহস্পতিবার (১০ আগস্ট) দেখা করেছেন। পাঞ্জাবের অ্যাটক কারাগারে ইমরানের সঙ্গে প্রায় এক ঘণ্টা কাটিয়েছেন বুশরা। এ সময় ইমরান খান বা বুশরার কোনো আইনজীবীকে তাদের সঙ্গে থাকতে দেওয়া হয়নি।
তোশাখানা দুর্নীতি মামলায় ৫ আগস্ট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি সেশন কোর্ট। রায়ের আধা ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবারই ইমরানের সঙ্গে প্রথম দেখা করলেন বুশরা বিবি। দেখা করার জন্য বুশরার আইনজীবীরা ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।
বুশরার পাশাপাশি তাদের আইনজীবীদেরও ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিলেন আদালত। তা সত্ত্বেও আইনজীবীদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পিটিআইয়ের প্রধান আইনজীবী নাইম পানজোথা।
তোশাখানা পাকিস্তানের রাষ্ট্রীয় উপহার সংরক্ষণের একটি বিভাগ। এতে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও অন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ থেকে পাওয়া উপহার জমা রাখা হয়।
পাকিস্তান নির্বাচন কমিশনের অভিযোগ, ২০১৮ থেকে ২০২২ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তোশাখানার উপহার বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এ অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। সে মামলায় ৫ আগস্ট ইসলামাবাদের অতিরিক্ত ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার ইমরানকে কারাদণ্ড দেন।
তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ইমরানকে ১ লাখ ডলার জরিমানা করা হয়েছে। পরদিন ৬ আগস্ট ইমরানকে যাবতীয় রাজনৈতিক কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। ফলে চলতি বছরের শেষে হতে যাওয়া দেশটির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান খান।
ইমরানের দল পিটিআই সেশন কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইতোমধ্যে আপিল করেছে। তা ছাড়া পাঞ্জাবের অ্যাটক কারাগার থেকে সরিয়ে রাওয়ালপিন্ডি আদিয়ালা জেলে ইমরানকে স্থানান্তরিত করতেও আইএইচসিতে আবেদন করেছে পিটিআই।
২০২২ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটে ইমরানকে ক্ষমতাচ্যুত করে বিরোধী জোট। নিজের ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে বারবার অভিযোগ করেন তিনি। যুক্তরাষ্ট্র তা প্রতিবারই অস্বীকার করে। কিন্তু সম্প্রতি এক তারবার্তার বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দি ইন্টারসেপ্ট দাবি করে, হোয়াইট হাউস ইমরানের ক্ষমতাচ্যুতির নির্দেশ দিয়েছিল।


