মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে চলছে ফুটবল বিপ্লব। কাড়ি কাড়ি অর্থ খরচ করে বিশ্বসেরা ফুটবলারদের দলে ভেড়াচ্ছে দেশটির ঘরোয়া ক্লাবগুলো। যার সবশেষ উদাহরণ- রেকর্ড ট্রান্সফ্রার ফি’তে আল হিলালে নেইমারের যোগদান।
দুই বছরের চুক্তিতে প্রায় ১০ কোটি ইউরোতে আল হিলালে পাড়ি দিয়েছেন নেইমার। চুক্তির দু’দিন পরেই রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে নেইমারকে বর্ণাঢ্য অভ্যর্থনা দিয়েছে প্রো লিগের ক্লাবটি। এখন শুধু বাকি ক্লাবটির জার্সিতে তার অভিষেক হওয়ার।
এর আগে স্টেডিয়ামের ভিআইপি বক্সে ছেলে ডেভিড লুকাকে নিয়ে হাজির হন নেইমার। আল হিলাল সমর্থকদের ভালোবাসায় তিনি সিক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই একই ভেন্যুতে তাদের ম্যাচ শুরু হয়। যদিও দলের প্রধান তারকাকে পেয়েও যেন না পাওয়ার অনুভূতি নিয়ে খেলতে হয়েছে নতুন সতীর্থদের।
গ্যালারিতে বসা নেইমারের মধুর স্মৃতির সঙ্গে যোগ হয়েছে মৃদু অম্ল স্বাদ। কারণ আল ফেইহার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তার দল আল হিলাল।
লিগের প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়েছে আল হিলাল। নেইমারের নতুন ক্লাবটি আল রাইদকে এবং আবহাকে হারিয়েছে। এবার ঘরের মাঠে নেমে আর তাদের জয় পাওয়া হয়নি। যদিও ম্যাচের শুরুতেই দুই ব্রাজিলিয়ান মাইকেল ও ম্যালকম জুটিতে এগিয়ে যেতে পারত আল হিলাল। ম্যাচের দশম মিনিটে মাইকেলের করা গোলটি অফসাইডের ফাঁদে আটকে বাতিল হয়ে যায়।
ম্যাচের ১৫তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাস থামিয়ে দেয় আল ফেইহা। জাম্বিয়ান ফরোয়ার্ড ফ্যাশন সাকালা তাদের লিড এনে দেন। তবে তাদের সেই লিড বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই সমতায় ফেরে আল হিলাল। সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আলহামদান ডিফেন্ডারদের জটলার মধ্য থেকেই শট নিয়েই লক্ষ্যভেদ করে। এরপর ম্যাচের অধিকাংশ সময়জুড়ে দাপট দেখালেও আর জালের দেখা পায়নি আল হিলাল।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) আল রাইদের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে আল হিলাল। সব ঠিক থাকলে সে ম্যাচ দিয়েই ‘হিলালি’ নেইমারের অভিষেক হতে পারে।


