প্রাইম ভিশন ডেস্ক »
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপি চেয়ারপারসেনর মুক্তিসহ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
আমীর খসরু বলেন, ‘সরকারের লোকেরা বলে, একবার আইনমন্ত্রীর কাছে দরখাস্ত দেন। আবার বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেন। দেশনেত্রীর চিকিৎসা এখন ভিক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি কখনও আপস করেননি। এবারও করবেন না। আপনাদের (সরকার) দায়িত্ব চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। না হলে আপানাদের শুধু বিচারই হবে না, জনগণের মুখোমুখি হতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংবিধানে সবার চিকিৎসার ব্যবস্থার নিশ্চেয়তা দেওয়া হয়েছে। খালেদা জিয়া এ দেশের নাগরিক। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তার জীবন নিয়ে খেলা করতে গেলে আপনাদের চিন্তা করতে হবে।’
ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস,
সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক হক ও দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদ।
খালেদা জিয়া এখন ভর্তি আছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সম্প্রতি দুই বার অবস্থার অবনতি হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিতে হয়। তিনি এখন এভারকেয়ার হাসপাতালে কেবিনেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সম্প্রতি আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে কোনো আবেদন পাননি। তবে বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বলেছেন, প্রতিটি আবেদনেই চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা উল্লেখ থাকে। তবে সরকার যদি ইতিবাচক হয়, তাহলে তা অবহিত করলে আবারও তারা দরখাস্ত করবেন।
৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার জটিলতায় ভুগছেন। এ ছাড়া তার, ফুসফুস, কিডনি জটিলসহ নানা অসুখে ভুগছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালকদারের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এ বোর্ড তাদের প্রতিবেদনে লিভার প্রতিস্থাপনের জন্য দ্রুত খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছে।
গত ৯ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


