প্রাইম ভিশন ডেস্ক »
ভারতে গড়িয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবারের আসরে দশ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ক্রিকেটের বিশ্বযজ্ঞ। যেখানে নানা জটিলতা ও নাঠকীয়তা শেষে অংশ নিয়েছে আয়োজকদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও।
পাকিস্তান দলের পাশাপাশি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন দেশটির জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাসও। কিন্তু বিশ্বকাপ চলাকালীন হঠাৎই ভারত ছেড়েছেন তিনি। তবে ঠিক কি কারণে তিনি এমনটি করেছেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি।
জানা গেছে, জয়নব আব্বাসের বিরুদ্ধে ভারত এবং হিন্দু সম্প্রদায়কে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের এক আইনজীবী কোর্টে জয়নবের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। এরপরই তিনি ভারত ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আইসিসির হয়ে বিশ্বকাপ কাভার করতে ভারত গিয়েছিলেন আব্বাস। আসর শুরুর কিছুদিন পার না হতেই ভারত ছাড়তে হয়েছে এই উপস্থাপিকাকে। বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তিনি।


