Homeখেলাধুলানেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। বড় জয়ের কারণে রান রেটে এগিয়ে প্রথম অবস্থানে ছিল তারা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সেই শীর্ষস্থান আরও সুসংহত করল কিউইরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ২১ বল বাকি থাকতেই ২২৩ রানে অলআউট হয় ডাচরা।

২ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ৪। রান রেট +১.৯৫৮। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২। রান রেট +২.০৪০।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে কিউইদের দেওয়া ৩২৩ রানের লক্ষ্যে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। বড় কোনো জুটি গড়তে পারেনি দলটি। চতুর্থ উইকেটে তেজা নিদামানুরু এবং কলিন আকারম্যানের ৫০ রানের জুটিটিই ছিল ইনিংসের সর্বোচ্চ। শেষ পর্যন্ত ২২৩ রানের বেশি করতে পারেনি দলটি। ৭৩ বলে ৬৯ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনে নামা আকারম্যান।

নিউজিল্যান্ডের হয়ে দারুণ বল করেছেন মিচেল স্যান্টনার। ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। ৩ উইকেট নিয়েছেন পেসার ম্যাট হেনরি।

এর আগে টস হেরে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম কয়েক ওভার দেখেশুনে খেলেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও ইয়ং। তবে ধীরে ধীরে ডাচ বোলারদের ওপর চড়াও হন তারা। ৬৭ রানের মাথায় কনওয়েকে (৩২) ফেরান ভ্যান ডার মারউই। দ্বিতীয় উইকেটে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচীন রাবীন্দ্রকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ইয়ং। ১৪৪ রানের মাথায় ৭০ রান করে ফেরেন ইয়ং।

১৮৫ রানের মাথায় হাফ সেঞ্চুরি করার পরপরই ফেরেন রাচী (৫১)। রান পেয়েছেন চারে নামা ড্যারিয়েল মিচেলও। ৪৮ রান করে দলীয় ২৩৮ রানে ফেরেন তিনি। ২৫৪ রানের মধ্যেই আউট হয়ে যান গ্লেন ফিলিপস এবং মার্ক চাপম্যান। তবে একপাশ আগলে স্ট্রাইকরেট একশর ওপর রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ল্যাথাম। ২৯৩ রানের মাথায় তিনি ফেরেন ব্যক্তিগত ৫৩ রান করে।

ল্যাথাম আউট হলেও আরেক পাশে ঝড়ো গতিতে রান তোলেন মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত তার ১৭ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংসেই ৩২২ রানের বড় রান তোলে নিউজিল্যান্ড। ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন ম্যাট হেনরি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়