প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। বর্তমানে তিনি নতুন প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর শুটিংয়ে ভারতে অবস্থান করছেন। এ সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন অনন্য মামুন।
মামুন সিনেমাটি নির্মাণের ঘোষণার পরপরই বলেছিলেন শাকিবের বিপরীতে চমক রাখবেন। কলকাতা নয়, বলিউড অভিনেত্রীদের সঙ্গে শাকিব খানকে হাজির করবেন। এরপর বলিউডের নেহা, জেরিন, শেহনাজ ও প্রাচী দেশাইয়ের নাম প্রস্তাব রাখা হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। তাকে নিয়েই শুটিং যাত্রা করেছেন অনন্য মামুন।
এদিকে এই পরিচালকের আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, এ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার মেয়ে মিষ্টি চক্রবর্তীকে। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহে সিনেমার নাম ঠিক হবে। আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণাও। নতুন এ সিনেমার প্রযোজনা করবেন নির্মাতা সালমান হায়দার। ২০২৪ সালের মার্চে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলেও সূত্র থেকে নিশ্চিত করা হয়।
এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামে সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন। সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম আইফ্লিক্সে মুক্তি দেওয়া হয়। সেই সিনেমাটির কাহিনী আবর্তিত হয় একজন কর্মজীবী নারীকে ধর্ষণের ঘটনা কেন্দ্র করে। একটি রেডিও স্টেশনের রেডিও জকি হিসেবে কর্মরত শুভ্রার (অর্চিতা স্পর্শিয়া) জীবনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার গল্পই নবাব এলএলবি।
এরপর তারা দরদ সিনেমায় কাজ করছেন।
বাংলাদেশের পাশাপাশি এর সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।
সিনেমায় শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
এবার আরও এক নতুন মিশনে জুটি বাঁধতে চলেছেন মামুন-শাকিব।


