Tuesday, June 30, 2026
spot_img
Homeখেলাধুলাযে কারণে লিটনের দুঃখপ্রকাশ

যে কারণে লিটনের দুঃখপ্রকাশ

প্রাইম ভিশন ডেস্ক »

সমালোচিত কর্মকাণ্ড ঘটিয়ে একদিন পরই মুখ খুলেছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। ভারতের পুনেতে রবিবার বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে অসহনশীল আচরণ করার পর দু:খপ্রকাশ করেছেন তিনি।

পারফরমার, নন-পারফরমার দুই ধরনের খেলোয়াড়দের দিকেই ফোকাস থাকে গণমাধ্যমকর্মীদের। ভালো খেলোয়াড়দের পারফরম্যান্সের পর তাদের প্রতিক্রিয়া, অনুভূতি জানতে চাওয়া হয়, অফফর্মে থাকা ক্রিকেটারদের বেলাতেও তেমনি। ছন্দে না থাকা লিটনের দিকে গতকাল পুনের কনরাড হোটেলে ছিল ক্যামেরার ফোকাস। সেখানে হতাশাগ্রস্ত লিটন সাংবাদিকদের একরকম তাড়িয়ে দেন।

দুঃখপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে লিটন দাবি করেন, হোটেলের লবিতে যে প্রচুর সংবাদকর্মীরা ছিলেন, সেটা নাকি তিনি বুঝতে পারেননি, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

ধর্মশালা, চেন্নাই পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে পুনেতে। ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তারা। পুনের টিম হোটেল থেকে দুপুরে খেতে বেরিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম। সাংবাদিকদের দেখে হাসিমুখেই ছিলেন তারা।

কিন্তু কিছুক্ষণ পর খেতে বের হওয়া লিটন দেখান ভিন্ন প্রতিক্রিয়া। সাংবাদিকদের দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান। সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া ডানহাতি ব্যাটসম্যানকে তখন বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

এরপরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’

পরে তাদের একজন বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কেবল একটি জিতেছে সাকিব আল হাসানের দল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়