Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেপ্রস্তুত চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন

প্রস্তুত চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন

প্রাইম ভিশন ডেস্ক »

ট্রায়ালের জন্য প্রস্তুত চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন। এরই মধ্যে পটিয়া রেলস্টেশনে ট্রায়াল রানের উদ্বোধনের জন্য প্রস্তত রাখা হয়েছে ছয়টি বগি ও একটি ২২শ সিরিজের ইঞ্জিন। ইন্দোনেশিয়া থেকে আনা এসব একেকটি বগিতে যাত্রী বসতে পারবে ৬০ জন। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসে ট্রেনটি ছুটে চলবে সমুদ্রনগরী কক্সবাজারের দিকে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, অক্টোবরের শেষের দিকে প্রথম ট্রায়াল ট্রেন যাত্রা শুরু করবে বহুল কাঙ্ক্ষিত দোহাজারি-কক্সবাজার রেললাইন পথে। কালুরঘাট সেতু পার করে ছয়টি বগি ও ইঞ্জিন পটিয়ায় নিয়ে রাখা হয়েছে দেড় মাস আগেই।

অক্টোবরে ট্রায়াল করা হলেও রাজধানী ঢাকা থেকে ট্রেনে করে প্রথমবারের মতো চট্টগ্রাম-পটিয়া হয়ে পর্যটন নগরী কক্সবাজার যেতে পারবেন যাত্রীরা আগামী বছরের শুরুর দিকে। কম খরচে আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেনে করে নির্বিঘ্নে পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। এ লক্ষ্যে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ প্রায় শেষপর্যায়ে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, এবার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার কাজও শেষ হয়েছে। এ মাসের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ করার লক্ষ্যে কাজ করছি। অক্টোবরের শেষের দিকে প্রকল্পটি উদ্বোধন করা হবে।

কক্সবাজার সেকশনের রেললাইনের কাজ শেষপর্যায়ে। পটিয়া স্টেশনে ট্রায়াল ট্রেনও অবস্থান করছে। কালুরঘাট ব্রিজ পুরোপুরি খুলে ফেলার আগেই একটি ট্রেন পার করে ট্রায়ালের জন্য দেড়মাস আগ থেকেই পটিয়ায় এনে রাখা হয়েছে। এই ট্রেন দিয়েই অক্টোবরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে প্রথমবার ট্রায়াল হবে। তবে পুরো প্রকল্পের কাজ শতভাগ শেষ করতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার রুটে ট্রেন চালুর পূর্ব প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম স্টেশন থেকে ৬-১২ লোডের ২০১৯ সালে সুবর্ণ এক্সপ্রেসের অবমুক্ত হওয়া একটি ট্রেন পটিয়াতে ট্রায়ালে ট্রেন হিসেবে অবস্থান করছে। কক্সবাজার অংশের কাজ শেষ হলে পটিয়া থেকে কক্সবাজার পর্যন্ত পুরো রেল সড়কে চূড়ান্ত ট্রায়াল দেবে ছয় বগির ট্রেনটি।

পটিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, এ মাসের শেষের দিকে এসব বগি ও ইঞ্জিনের মাধ্যমে কক্সবাজার-দোহাজারি রেলপথে ট্রায়াল রান এবং উদ্বোধন করা হবে। এ জন্য বগি ও ইঞ্জিন এনে আগ থেকেই প্রস্তুত রাখা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য কালুরঘাট সেতুটি দ্রুত সংস্কার করা হচ্ছে। সেতুটি আরো মজবুত করা হচ্ছে। সে লক্ষ্যে ৩১ অক্টোবর পর্যন্ত সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এ সেতুতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়