প্রাইম ভিশন ডেস্ক »
এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ জেলা সদরে মানববন্ধন কর্মসূচি দিয়েছে দলটি।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘তফসিল বাতিল ও সরকার পদত্যাগের এক দফার দাবিতে আগামী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করছি।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা ও মহানগর সদরে মানববন্ধন করবে বিএনপি। গুম, খুন-হত্যা নির্যাতনের শিকার নেতাকর্মীরা কর্মসূচি আয়োজন করবে।’
সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার করা নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আজ সোমবার (৪ ডিসেম্বর)।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। রিজভী বলেছেন, সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই অবরোধ কর্মসূচি সফল করবেন। আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


