প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারে বাসচাপায় দুই শিশু ভাই-বোন মারা গেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলো আট বছরের আবদুর রহমান ও ছয় বছরের সাবা। তারা মালুমঘাট এলাকার সৌদিপ্রবাসী নাছির উদ্দীনের সন্তান।
ওসি ইকবাল বাহার বলেন, ‘শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় আবদুর রহমান ও সাবার মৃত্যু হয়েছে। জানা গেছে, শিশু দুটি কক্সবাজারগামী একটি ট্রেন দেখে বাড়ি ফিরছিল। তারা রাস্তা পার হচ্ছিল নাকি রাস্তার পাশে ছিল তা জানা যায়নি। দুর্ঘটনার পর ৮টা থেকে ৯টা পর্যন্ত সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। যার কারণে ঘণ্টাখানেক যানজট লেগে ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বাসচাপার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিকটস্থ মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়। এ ব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বাসচাপা নিহত


