প্রাইম ভিশন ডেস্ক »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাউকে চাপ দিচ্ছে না বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচনের পরিবেশ ও সার্বিক অগ্রগতি নিয়ে কমিশনের কথা শোনেন কূটনীতিকরা।
বিকাল চারটার দিকে বৈঠক শেষে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের জন্য সোনারগাঁও হোটেলে সুরমা হলে মিডিয়া সেন্টার উদ্বোধনের সময় সিইসি ও কূটনীতিকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কূটনীতিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, আমাদের বা সরকারের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের ওপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে কি না। এই প্রশ্নের জবাবে আমি বলেছি, আমাদের পক্ষ থেকে চাপ দেওয়ার কোনো কারণই নেই।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির কথা শুনেছি।’ পরে সাংবাদিকরা কিছু প্রশ্নকরলেও কোনো মন্তব্য করেননি তিনি।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আশা করি সফল নির্বাচন হবে– যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মাইলফলক হবে।’


