Homeমুল পাতাসাতচল্লিশের পর প্রথম: ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে আসছে আসামের মিথানলবাহী জাহাজ

সাতচল্লিশের পর প্রথম: ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে আসছে আসামের মিথানলবাহী জাহাজ

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। দেশটির সরকারি প্রতিষ্ঠান ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল) এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের দাবি, এর মাধ্যমে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে জলপথে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পাঠানো হচ্ছে।

মিথানল পরিবহনের সুবিধার্থে আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের চেয়ারম্যান বিকুল ডেকা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ব্রিটিশরা এ দেশ ছেড়ে যাওয়ার পর থেকে স্বাধীন ভারতে ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে ডিব্রুগড় থেকে জলপথে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়েছে বলে আমার জানা নেই।

তিনি আরও জানান, জলপরিবহন বিভাগের যে দুটি জাহাজ এই কাজের জন্য ইজারা নেওয়া হয়েছে, সেগুলো প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরবর্তীতে গুয়াহাটির পান্ডু ঘাটে জাহাজ দুটি মেরামত করা হয়, যেন ডিব্রুগড়ে উৎপাদিত মিথানল নদীপথে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়।

এই পদক্ষেপের ফলে দুটি প্রতিবেশী দেশের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য আমদানি ও রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন এপিএল চেয়ারম্যান।

ইতিমধ্যেই মিথানল পরিবহনের জন্য প্রস্তুত করা প্রথম কার্গো জাহাজ ‘ডিএলবি পাটকাই’ ডিব্রুগড়ের বগিবিল ঘাটে এসে পৌঁছেছে। তবে ঠিক কোন তারিখে এই জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড আসাম রাজ্য সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি মূলত মিথানল ও ফরমালিন প্রস্তুত করে থাকে। পূর্ব আসামের তেলক্ষেত্রগুলোতে পাওয়া বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুতকে কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যেই এই রাসায়নিক কারখানা গড়ে তোলা হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়