প্রাইম ভিশন ডেস্ক »
সারাদেশে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে দেশের বিভিন্ন এলাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এই অবস্থায় যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মাউশির নয়টি আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় মাউশি বলেছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।
মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন বলে জানানো হয় নির্দেশনায়।
গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জেঁকে বসেছে শীত। এবারের শীতের অনুভূতি বেশি হওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে অনেক এলাকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। রাজধানী ঢাকায়ও পড়েছে প্রচণ্ড শীত। মঙ্গলবারও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার (১৭ জানুয়ারি) এই বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। আবহাওয়া অধিদফতর বলেছে, বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মাঘের হাড় কাঁপানো শীতের মধ্যে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিক স্কুল বন্ধের ব্যাপারে নির্দেশনা এলো। তবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে এখনো কোনো নির্দেশনার কথা জানা যায়নি।


