প্রাইম ভিশন ডেস্ক »
আগামীকাল বৃহস্পতিবার ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে ওয়েব সিনেমা ‘অসময়’। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এর প্রকাশিত পূর্বাভাসে তাকে থানায় দেখা যায়। ‘অসময়’-এর মতো ব্যক্তিগত জীবনেও থানা-পুলিশ করতে হয়েছিল ফারিণকে। গতকাল মঙ্গলবার সিনেমাটির প্রিমিয়ার শোয়ে অভিনেত্রী নিজেই এ কথা জানান।
তবে ওয়েব সিনেমায় অপরাধী হয়ে গেলেও বাস্তবে ফারিণ থানায় গিয়েছিলেন অভযোগকারী হিসেবে। তিনি বলেন, ‘অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। সিনেমাটিতে যে দৃশ্যটি আমরা দেখছিলাম—আমাদের ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। থানায় যান তিনি। এমন একই ঘটনা তখন আমার জীবনে বাস্তবে হয়েছে। দেখে আসলে হাসি পাচ্ছিল যে, এই জিনিসটা শুটিংয়ের সময়ে আমার সঙ্গে হয়েছে! হয়তো মোবাইল হারানোর কারণেই এত ভালো একটি প্রোডাকশন নির্মাণ সম্ভব হয়েছে।’
সিনেমার মতো বাস্তব জীবনে কখনও এমন অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কি-না জানতে চাইলে গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে এখন পর্যন্ত পড়তে হয়নি। তবে আমার পরিচিত অনেকেরই এ রকম হয়েছে। এবং আমার মনে হয়, আশপাশে এ রকম অনেক ঘটনা দেখতে পাবেন—যাঁরা হয়তো ইনোসেন্স (নিষ্পাপ), যাঁদের কোনো দোষ নেই, কিন্তু তাঁদের দোষ না থাকা সত্ত্বেও এমন একটা পরিস্থিতিতে তাঁরা জড়িয়ে যান। যেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর। সিনেমাটিতে যেমন সমাপ্তিটা দেখেছি আমরা, কখনও কখনও তার চেয়ে বিপরীত সমাপ্তিও হয়। হঠাৎ একটা পরিবার ধ্বংস হয়ে যাই। সমাজে নেগেটিভ প্রভাব পড়ে। হাস্যরসের মাধ্যমেই এই বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে, আমি তো গল্পটির সঙ্গে খুব রিলেট করতে পেরেছি।’
সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অসময়’। নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ।


