প্রাইম ভিশন ডেস্ক »
সমুদ্রসীমা শান্তিপূর্ণ বাণিজ্যপথ হিসেবে ব্যবহার হবে বাংলাদেশে এটাই চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্টের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ব্লু ইকোনমির জন্য সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও সমুদ্রপথ নিরাপদ রাখতে হবে। ব্লু ইকোনমির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগ সমুদ্রসীমায় নিজেদের অধিকার নিশ্চিত করেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, সমুদ্রসীমায় অধিকার নিয়ে ৭৫ পরবর্তী সরকারগুলো তেমন কোনো পদক্ষেপ নেয়নি। শুধু সমুদ্রসীমাই নয়, স্থলসীমা নিয়েও কেউ কোনো উদ্যোগ নেয়নি।
বঙ্গোসাগরীয় অঞ্চলের বাণিজ্য ব্যবস্থায় যেন কোনো দ্বন্দ্ব না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল সমসময়ই নিরাপদ। দ্বন্দ্ব সংঘাত যেন না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ বাণিজ্যপথ হিসেবেই যেন অব্যাহত থাকে।
বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী এমনটা জানিয়ে শেখ হাসিনা বলেন, ভারত মহাসাগরীয় নৌরুটে কোনো দ্বন্দ্ব আশা করি না। সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় জাতির পিতার এই নীতি নিয়েই চলছে সরকার।


