প্রাইম ভিশন ডেস্ক »
সোমালিয়া উপকূলের দিকে অগ্রসরমাণ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে শনাক্ত করতে এর পিছু নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি নৌযান। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী এমন তথ্য দিয়েছে।
উল্লেখ্য, এ সপ্তাহে বাংলাদেশি পতাকাবাহী কার্গো শিপ এমভি আবদুল্লাহ’কে জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। এ সময় কার্গোটিতে ছিলেন ২৩ জন ক্রু।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, এমভি আব্দুল্লাহকে হাইজ্যাক করার খবর প্রথম জানায় বৃটিশ সেনাবাহিনী। তারা বলে, সোমালিয়ার উপকূলীয় রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল পূর্বে এই জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা।
ইউরোপিয়ান ইউনিয়নের ওই বাহিনীটি আরও বলেছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের ওই জাহাজটি মোতায়েন করা হয়েছে। এই জাহাজটি ছায়ার মতো আছে বাংলাদেশি ওই কার্গো ক্যারিয়ারের পিছনে। বিবৃতিতে তারা বলেছে, বাংলাদেশি কার্গোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দস্যুরা।
তারা ২৩ ক্রুকে জিম্মি করেছে। তবে তারা নিরাপদে আছেন। এ বিষয়ে ‘অ্যাকশন’ চলমান। বাংলাদেশি এই কার্গো জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
বৃটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি কোম্পানি অ্যামব্রে’র মতে, সশস্ত্র ২০ জনের জলদস্যু এই জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে। জাহাজটি মোজাম্বিকের রাজধানী মপুটু থেকে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াতে যাচ্ছিল। এর মালিক বাংলাদেশি কোম্পানি এসআর শিপিংলাইন্স। এটি হলো চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিলস গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এ তথ্য জানিয়েছেন কোম্পানির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।


