প্রাইম ভিশন ডেস্ক »
কুমিল্লার নাঙ্গলকোটের রেল দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ চট্টগ্রামের সঙ্গে যুক্ত সকল রুট স্বাভাবিক হয়েছে। ভোর ৫টা ৪৫ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন প্রথমে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলো একে একে তাদের গন্তব্যে ছেড়ে যাবে।
সোমবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘ একটি উদ্ধার অভিযানের আমরা পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ইতিমধ্যে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি লাইনে এখনও কিছু বগি পড়ে আছে। চট্টগ্রামে আটকে পড়ে সকল ট্রেন পরপর ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। এছাড়াও ঢাকাসহ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা যেসব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা ছিল সব ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়েছে। সেগুলোও কাছাকাছি স্টেশনগুলোতে এসে অবস্থান করবে। আমরা প্রথমে কক্সবাজার এক্সপ্রেস দিয়ে শুরু করে একে একে সকল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ক্রস করাবো।
এ সময় উদ্ধার কাজের বিষয়ে এই কর্মকর্তা বলেন, রোববার থেকে এখন পর্যন্ত ১৫টির মতো যাত্রীবাহী ট্রেন ও কয়েকটি মালবাহী ট্রেন গন্তব্য ছেড়ে এসে আটকা পড়েছিল। অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়েছিল। আমরা জানি না কখন পুরো কাজটি শেষ হবে। কারণ খুব বাজেভাবে লাইনটি উপড়ে গিয়েছে। এটা যদিও মেরামতে সময় নেবে। কিন্তু এই একটি লাইন চালু হলে ভোগান্তি কমে যাবে। আমরা একপাশ একপাশ করে উভয় পাশের ট্রেনই ছেড়ে দেবো।
রোববার (১৭ মার্চ) দুপুরে ১৮টি বগিতে কয়েকশ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুর যাচ্ছিল ‘বিজয় এক্সপ্রেস’। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে চলন্ত ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়ে এবড়ো-থেবড়ো হয়ে যায়। এ সময় রেললাইনের ধারে একটি বাড়িতে উঠে যায় বগি। তবে সে সময় ঘরে কেউ ছিলেন না।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে ব্রিজ। এই ব্রিজের যে কাঠ, এই কাঠ অনেক বছরের পুরনো। এই ব্রিজের কোনো সংস্কার হয়নি। দুর্ঘটনায় চালকদেরও অবহেলা রয়েছে। ট্রেনটি যে গতিতে এসেছে তা স্বাভাবিক গতি ছিল না। এই লাইনে একটা গতিসীমা আছে, এই গতিসীমা মানা হয়নি।
কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত তাপে লাইন বেঁকে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। সামনেই স্টেশন থাকায় ট্রেনের অতিরিক্ত গতিও ছিল না।
চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, তাপের কারণে রেললাইন বেঁকে গিয়েছিল, যা আমরা খেয়াল করিনি। তাপে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ৯ বগি লাইনচ্যুত হয়েছে। আজ ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্ধারের।
উল্লেখ্য, গত দুই বছরে রেলপথে মোট ১৭০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মোট ৪৯ জনের প্রাণহানি হয়েছে।


