প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের টাইগারপাস-সিআরবি অংশে পাহাড়ি সড়ক নষ্ট করে এবং গাছ কেটে কোনো র্যাম্প না করতে সিডিএকে নির্দেশ দিয়েছেন দুই মন্ত্রী।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বুধবার টেলিফোনে চট্টগ্রাম উন্নয়ক কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলীকে এই নির্দেশনা দেন।
আন্দোলনকারীদের অনড় অবস্থানের মুখে মঙ্গলবার বিকেলেই মত বিনিময় সভা শেষে র্যাম্প নির্মাণের পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়েছিল সিডিএ।
এরপর বুধবারই দুই মন্ত্রী টেলিফোন করে সিডিএকে ওই পরিকল্পনা বাদ দিতে বলেন।
নির্দেশনার বিষয়ে সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ক্লিয়ার মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, পাহাড় কেটে ও পরিবেশ ধ্বংস করে কোনো র্যাম্প নামানো যাবে না। গাছ কাটা পড়লে র্যাম্প নির্মাণ না করতে বলেছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ও আমাকে ফোন করেছেন। তিনি বলেছেন, গাছ কেটে এবং দ্বিতল সড়ক নষ্ট হয়, এমন কোন কিছু করা যাবে না। দুই মন্ত্রীই বলেছেন দ্বিতল সড়কের সৌন্দর্য্য নষ্ট করা যাবে না।
কাজী হাসান বিন শামস বলেন, ‘সিআরবি এলাকায় যত শতবর্ষী গাছ আছে একসাথে এত শতবর্ষী গাছ বাংলাদেশের কোথাও নেই। সিআরবি রক্ষার আন্দোলনের সময় আমিই প্রথম সিডিএ’র পক্ষে বলেছিলাম, আমরা শতবর্ষী গাছ কেটে কোনো প্রকল্পের অনুমোদন দেব না। এখানকার এই অনন্য পরিবেশ নষ্ট করতে দেব না। আমরা বিকল্প চিন্তা করছি। সেটা পরে সবার সাথে বসে আলোচনা করে চূড়ান্ত করা হবে।’
এরআগে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে টাইগারপাস-সিআরবি অংশে দ্বিতল সড়কের মাঝের ঢালে পিয়ার বসিয়ে এবং শতবর্ষীসহ ৪৪টি গাছ কেটে র্যাম্প নির্মাণে সিডিএ’র পরিকল্পনার খবর প্রকাশিত হয়।


